
- দেব ঘোষণা করলেন, অনির্বাণ ভট্টাচার্য ফিরছেন অভিনয়ে।
- আইনি জটিলতায় দেড় বছর ধরে অভিনয়ে ব্রাত্য ছিলেন অনির্বাণ।
- দেব পরিচালিত ‘দেশু৭’ ছবিতে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য।
- এই ছবিতেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন দেব, মুক্তি পাবে পুজোয়।
কলকাতা: অবশেষে জল্পনার অবসান। তিনি দেব (Dev)। বোমা যে তিনি ফাটাবেন, এ আর নতুন কি? সময় দিয়েছিলেন ৭২ ঘণ্টা। ৭২ ঘণ্টার মধ্যে কাজে ফেরাতে হবে ‘ব্যান’ হয়ে থাকা পরিচালক-অভিনেতাদের। দায়িত্বভার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র হাতে ছেড়েছিলেন দেব। সময় ও বেঁধে দিয়েছিলেন, ৭২ ঘণ্টা। আর তার মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ঘোষণা করে দিলেন। অভিনয়ে ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। কাজে ফিরছেন তিনি। দীর্ঘদিন ধরে যে জল্পনা ছিল, কানাঘুষোয় শোনা যাচ্ছি যে, ‘দেশু7’ অর্থাৎ দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র আগামী ছবিতে অভিনয় করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য, সেই খবরে সিলমোহর দিলেন দেব নিজেই। দেবের আগামী ছবির হাত ধরেই, প্রায় দেড় বছর পরে লাইটস-ক্যামেরা-অ্যাকশনে ফিরছেন অনির্বাণ।
অনির্বাণ কেন ব্রাত্য ছিলেন, এই ইতিহাসটা প্রায় সকলেরই জানা। এক কথায় বলতে গেলে, ডিরেক্টরস গিল্ড আর ফেডারেশনের মধ্যে কিছু আইনি জটিলতা ও তার জেরেই অসহযোগীতার ঘোষণা ফেডারেশনের তরফে। এর ফলে, অনির্বাণ ও অন্যান্য বেশ কয়েকজন কলাকুশলী যেমন অভিনয়ের সুযোগ হারাতে শুরু করলেন, তেমন বাধা পেতে থাকলেন পরিচালনার কাজে। অনির্বাণের একটি মিউজিক ভিডিও শ্যুট করার কথা থাকলেও, নির্দিষ্ট দিনে উপস্থিত হননি টেকনিশিয়ান্সরা। এরপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। অভিনয় ও পরিচালনা থেকে দূরে থাকলেও, গানের দল ‘হুলিগানইজম’-এর সৌজন্যে চর্চাতেই থেকেছেন অনির্বাণ। একের পর এক গান দিয়ে চমকে দিয়েছেন দর্শকদের। ও হ্যাঁ, ‘ভাইরাল’ ও হয়েছেন। তবে এবার, তাঁর কাজে ফেরার পালা।
চমকের এখানেই শেষ নয়, দেব যে ভিডিওটি পোস্ট করেছেন, সেখানে অনির্বাণকে দেব আর শুভশ্রীর সঙ্গে আলোচনা করতে দেখেই উচ্ছ্বসিত হয়েছিলেন অনুরাগীরা। অবশেষে যার প্রতীক্ষা ছিল, সেটাই সম্ভব হল। অনির্বাণকে ফেরালেন দেব। তবে শুধুই কি সুযোগ দিলেন নাকি ফেরালেন আক্ষরিক অর্থেই। এখনও সিনেমার নাম ঠিক না হলেও, ‘দেশু7’ -কে পরিচালনা করবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন দেব। ‘বুক মাই শো’-তে যদিও দীর্ঘদিন থেকেই এই ছবির পরিচালক হিসেবে নাম দেওয়া ছিল সুজিত রিনো দত্তের, তবে আজকের ভিডিওতে চমক দিলেন দেব। জানিয়ে দিলেন, ‘দেশু7’ পরিচালনা করছেন তিনিই। পাশাপাশি লিখছেন চিত্রনাট্য ও। অর্থাৎ এই সিনেমার হাত ধরেই রূপোলি পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন দেব।
ছবিটি মুক্তি পাবে পুজোয়। পুজোর অবশ্য এখন অনেক দেরি.. তার আগে দেব আর কী কী চমক দেন, নজর থাকবে সেইদিকে।
(Feed Source: abplive.com)
