প্রযোজকের সঙ্গে সমস্যা মেটালেন নিজেই, আর্টিস্ট ফোরামের ‘নিষ্ক্রিয়তা’ নিয়েও কটাক্ষ করলেন জিতু!

প্রযোজকের সঙ্গে সমস্যা মেটালেন নিজেই, আর্টিস্ট ফোরামের ‘নিষ্ক্রিয়তা’ নিয়েও কটাক্ষ করলেন জিতু!

 

  • অভিনেতা জিতু কমল প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যা নিয়ে সরব হন।
  • শ্যুটিংয়ে দুর্ব্যবহার ও অসুস্থতার অভিযোগ এনে আর্টিস্ট ফোরামে অভিযোগ জানান।
  • আর্টিস্ট ফোরাম ব্যবস্থা না নেওয়ায় জিতু নিজেই সমস্যা মিটিয়ে নেন।
  • জিতু জানান, নিজের দায়িত্বে প্রযোজনা সংস্থার সাথে গন্ডগোল মিটিয়ে নিলেন।

কলকাতা: সিনেমা করতে গিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যা, সেই থেকেই আর্টিস্ট ফোরামে অভিযোগ.. সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টা নিয়ে বারে বারেই সরব হয়েছেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। আপাতত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ অভিনয় করছেন জিতু, মুখ্যচরিত্রে। পাশাপাশি সিনেমার কাজও করছেন অভিনেতা। তবে সদ্যই ‘এরাও মানুষ’ ছবিটি নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে কিছু সমস্যা হয়েছিল জিতুর। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছিলেন জিতু। তিনি আর্টিস্ট ফোরামে অভিযোগ ও জানিয়েছিলেন। কিন্তু ফল মেলেনি। অবশেষে সেই সমস্যা নিজেই মিটিয়ে নিলেন জিতু! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিলেন এই ছবিও!

শ্যুটিংয়ে সমস্যা, আর্টিস্ট ফোরামে অভিযোগ জিতুর!

‘এরাও মানুষ’ ছবিটির শ্যুটিং চলাকালীন, সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন জিতু। তাঁর অভিযোগ ছিল, শ্যুটিং চলাকালীন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। প্রযোজনা সংস্থার তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, টাকা নিয়েও নাকি সঠিকভাবে কাজ করেননি জিতু। অভিনেতা জানিয়েছিলেন, শ্যুটিং চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয় তাঁকে, সেই বিল পর্যন্ত তিনি নিজেই মিটিয়েছিলেন। কোনও সাহায্য নেননি প্রযোজনা সংস্থার থেকে। এই বিষয়টি নিয়ে, জিতু আর্টিস্ট ফোরামে অভিযোগ পর্যন্ত জানিয়েছিলেন। তবে জিতুর অভিযোগ, আর্টিস্ট ফোরামে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ নেয়নি আর্টিস্ট ফোরাম। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যুর পরে জিতু অভিনব এক প্রতিবাদ করেন। রাহুলের ছবির পাশাপাশি তিনি নিজের ছবিতেও মালা দিয়ে অভিনব প্রতিবাদ করেন। তাঁর দাবি, জিতুর সমস্যাটা যদি আর্টিস্ট ফোরাম গুরুত্ব দিয়ে দেখতেন, তাহলে রাহুলের দুর্ভাগ্যজনক ঘটনাটা হয়তো না ও ঘটতে পারত। 

নিজেই সমস্যা মিটিয়ে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট জিতুর

তবে আজ, সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন জিতু। সেখানে তিনি লেখেন, ‘যে বাকবিতন্ডা হয়েছিল সাই-ভিগ্নেস প্রোডাকশন এর সঙ্গে (এরাও মানুষ ছবি), যার জন্য আমি আর্টিস্ট ফোরামে কমপ্লেন করেছিলাম (১৬/৩/২০২৬)। আর্টিস্ট ফোরামের প্রচুর দায়িত্ব, সিনিয়রদের প্রচুর কাজ, তার মধ্যে আমার ক্ষুদ্রতম কমপ্লেনটি দেখার তাদের সুযোগ হয়নি, তাই জন্য নিজের দায়িত্বে, ছবিটির স্বার্থে আমি গন্ডগোলটি মিটিয়ে নিলাম। ১৮ বছরের ফোরামের সিনিয়র মেম্বার হয়ে নিজেকেই তো নিজের দায়িত্ব নিতে হবে, বলুন। ভবিষ্যতে কোন আর্টিস্ট যদি গন্ডগোলে পড়েন আপনারা নিজেরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ফোরামের প্রচুর দায়িত্ব থাকে। ছোট ছোট শিল্পীর পাশে খুব একটা দাঁড়ানোর সময় পেয়ে ওঠেন না। তাদের প্রতি সম্মান অক্ষুণ্ণ থাকল।’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের সঙ্গে একটি ছবি ও শেয়ার করে নিয়েছেন জিতু। সেখানে দেখা যাচ্ছে, ‘এরাও মানুষ’ টিমের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন জিতু। প্রসঙ্গত, রাহুল অরুণোদয় মারা যাওয়ার পরে, জিতু উল্লেখ করেছিলেন প্রয়াত অভিনেতাও তাঁকে এই সমস্যা মিটিয়ে নেওয়ারই পরামর্শ দিয়েছিলেন।

(Feed Source: abplive.com)