
দাদাগিরিতে এবার দেব৷ জি বাংলার সব পুরনো জনপ্রিয় শোগুলো নতুনভাবে সাজানো হচ্ছে৷ সেখানে বদলে যাচ্ছে সব হোস্ট৷ দিদি নম্বর ১ স্বস্তিকা হয়েছেন আর দাদাগিরি করছেন দেব৷
দেবের দাদাগিরি৷ সৌরভ হীন প্রথমদিন দাদাগিরির মঞ্চে সুপারস্টার দেব মাতিয়ে দিলেন৷ প্রোমোতে আগেই বলা হয়েছে যে, দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়! সৌরভ এই শো থেকে সরে যাওয়ার পর অনেকের মনে প্রশ্ন আসে, তাহলে দাদাগিরির হোস্ট কে হবেন? কারণ বাংলার দাদা বলতে সকলে সৌরভ গাঙ্গুলীকে বোঝেন৷ তাঁর নাম করেই দাদাগিরির শো৷ শোয়ের গানও তৈরি হয়েছিল সেই মতো করে৷ গেয়েছিলেন অরিজিৎ সিং৷
কিন্তু সৌরভ সরে যেতে সব পাল্টে গেল৷ এখন দেব হলেন দাদাগিরির নতুন হোস্ট৷ রবিবার, ৬জুন থেকে শুরু হল নতুন বাংলার নতুন দাদাগিরি! দাদাগিরি সিজন ১১-এর গ্র্যান্ড ওপেনিং হয়েছে৷ সেখানে উপস্থিত ছিলেন তাবড় তারকারা৷ শুরুর দিন ছিল চমকে ভরা৷
দেব বাংলার সুপারস্টার৷ বিশাল তাঁর ফ্যান ফলোইং৷ কিন্তু বারবার করে তাঁকে তাঁর উচ্চারণ নিয়ে অভিযোগ শুনতে হয়৷ অর্থাৎ তিনি প্রচুর বাংলা ছবিতে অভিনয় করেছেন, কিন্তু তাঁর বাংলা উচ্চারণে একটা জড়তা আজও ধরা পরে৷ এর জন্য অসম্ভব পরিশ্রম করেন অভিনেতা নিজে৷ তবে সাধারণ মানুষের মনের কথা উঠে এল দাদাগিরিতে৷ এবং দেব সেই কথা মাথা পেতে মেনে নিলেন৷ এখানেই একটা বড় চাল চেলে দিল দাদাগিরির টিম এবং দেব নিজে৷ এতে দাদাগিরির হোস্ট হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা কয়েকগুণ বাড়িতে তুলল৷ দেব নিজে বুঝিয়ে দিলেন যে সত্যিই ‘দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়’!
এবার আসা যাক ভক্তদের কমেন্টে৷ প্রথম শোয়ের পর অবশ্যই নজরে ছিল ভক্তরা সোশ্যাল মিডিয়ায় দেব-কে নিয়ে কী লেখেন৷ সৌরভ গাঙ্গুলীকে দেখতে অভ্যস্থ ফ্যানরা কতটা দেবকে তাঁর জায়গায় মেনে নিতে পারবেন!
একই ভাবে জি বাংলায় দিদি নম্বর ১-এ রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এসেছেন স্বস্তকি মুখোপাধ্যায়৷ প্রায় ১ সপ্তাহ হল, হচ্ছে তাঁর শো৷ তিনিই এখন দিদি নম্বর ১৷ প্রথমদিন শোয়ের পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় রচনার পক্ষে সওয়াল করেছেন৷ অনেকে লিখেছিলেন যে স্বস্তিকা খুবই ভাল অভিনেত্রী৷ কিন্তু দিদি নম্বর ১ হিসেবে রচনাকেই তাঁদের পছন্দ৷ কেউ কেউ তো আবার দাবি জানিয়েছিলেন স্বস্তিকাকে ফিরিয়ে আনার জন্য৷
এবার দেবের ক্ষেত্রে কী হল? এর আগে একবার দাদাগিরি-তে সৌরভের বদলে মিঠুন চক্রবর্তী হয়েছিলেন হোস্ট৷ মিঠুন খুবই গুণী অভিনেতা, বলিউড-টলিউডে অতি জনপ্রিয়৷ তবুও তাঁর দাদাগিরি পছন্দ হয়নি বাঙালি দর্শকদের৷ ফলে এটা চিন্তা তো থাকেই যে সৌরভের জুতোতে পা গলানো দেবকে কী সাধারণ দর্শক মেনে নেবেন? প্রথমদিন শোয়ের পর, কিছুটা মতামত পাওয়া গেল৷
দেবের পক্ষে মত দিয়েছেন দর্শকরা৷ কমেন্ট এসেছে, দেবকে আমার একটা জিনিস ভালো লাগে ওর উচ্চারণেও কখনো প্রতিবাদ করে না, ও মেনে নেয় যে হ্যাঁ আমার উচ্চারণ খারাপ সেটাতে খুঁত না ধরে সামনে এগিয়ে যাবে। আশা করি ভালো হবে৷ আরও একজন লেখেন, Very excited, and there are no word what happy I am, lovely Dada৷ ফলে বেশ বোঝা যাচ্ছে যে প্রথম ধাপে পাস হয়েছেন দেব৷ এখন দেখা যায় আগামিদিনে কী হয়৷
(Feed Source: news18.com)
