
ঠিক কী ঘটেছে কীর্তি কুলহারির সঙ্গে?
সূত্রের খবর, জুলাই মাসের ২৪ তারিখে এই ঘটনাটি ঘটেছে। ৪৩ বছর বয়সি এই অভিনেত্রী থাকেন ভরসোভায়। এদিন ভরসোভা পশ্চিমে একটি সিনেমা দেখতে গিয়েছিলেন অভিনেত্রী। সিনেমা দেখার মধ্যেই, একটি নোটিফিকেশন পান কীর্তি। মেসেজ খুলে তিনি দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে, বিশাল অঙ্কের টাকা। কীর্তির কাছে আসা মেসেজ অনুযায়ী, Aeromxico airlines-এর তরফ থেকে তুলে নেওয়া হয়েছে এই টাকা। মেসেজ দেখে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন কীর্তি। ব্যাঙ্ক থেকে পরীক্ষা করে তিনি জানতে পারেন, তাঁরই কার্ড ডিটেলস ব্যবহার করে, মোট চার বারের ট্র্যানজ্যাকশন করে তুলে নেওয়া হয়েছে প্রায় ২ লক্ষ ৪৪ হাজার টাকা।
কীর্তি ব্যাঙ্ককে জানিয়েছেন, তিনি কারও সঙ্গে তাঁর ব্যাঙ্কের কোনও ডিটেলস, কার্ডের কোনও ডিটেলস, ফোন নম্বর বা পিন, কোনোরকম তথ্যই শেয়ার করে নেননি তিনি। ব্রাঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, কেন এই ঘটনা ঘটেছে, তা ব্যাঙ্কের তরফ থেকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কীর্তি গোটা বিষয়টা পুলিশকে জানিয়েছেন, পাশাপাশি সাইবার ক্রাইমের নজরেও এনেছেন বিষয়টি। গোটা বিষয়টার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। ‘ইন্দু সরকার’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ বা ‘মিশন মঙ্গল’-এর মতো সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন, কীর্তি কুলহারি।
(Feed Source: abplive.com)
