
কেন দেশ ছাড়ার নোটিস দেওয়া হল ইমরান খানকে?
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে সমর্থন করে প্রতিবাদে যোগ দেওয়ার মাসুল গুনছেন ইমরান খান। আর এই আন্দোলনে সামিল হওয়ার কারণে, তাঁকে মুম্বই পুলিশের তরফ থেকে দেশ ছাড়ার নোটিস দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় নাগরিক না হয়েও তিনি বিক্ষোভে অংশ নিয়েছিলেন। আর সেই কারণেই, অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ইমরানের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। প্রসঙ্গত, ইমরান ভারতীয় বংশোদ্ভূত হলেও মার্কিন নাগরিক। আর এবার, ইমরানকে দেশ ছাড়ার নোটিস দেওয়ার সমর্থন করলেন, পরিচালক অশোক পন্ডিত।
ইমরানের দেশ ছাড়ার নোটিসে কী বললেন পরিচালক অশোক পন্ডিত?
এই ঘটনার পরিপ্রেক্ষিতে অশোক পন্ডিত লেখেন, ‘এই পদক্ষেপে আমি ভীষণ খুশি। যখন কেউ ভারতীয় নাগরিক না হন, তখন তাঁর আন্দোলন করার কোনও অধিকার নেই। যাঁরা এই দেশের বাসিন্দা নন, তাঁদের দেশের মধ্যে অশান্তি তৈরি করার কোনও অধিকার নেই।’ এখানেই শেষ নয়, অশোক পন্ডিত ইমরান খানকে উপদেশ দিয়েছেন যে, পথে নেমে বিক্ষোভ করার আগে, ইমরান খানের আরও পড়াশোনা করা উচিত ছিল। নিয়ম ভাঙার আগে জানা উচিত নিয়ম সঠিকভাবে কি বলছে। এমনকি পথে নামার আগে, ইমরানের তাঁর বাড়ির বড়দের সঙ্গেও আলোচনা করা উচিত ছিল বলে মনে করেন অশোক পন্ডিত। তবে এই নোটিস পেয়ে, আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন ইমরান খান।
(Feed Source: abplive.com)
