
ধৃতদের কেউ নাবালক নয়, জানিয়ে দিল পুলিশ
পুলিশ সূত্রে খবর, যে ৩ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে ২ জন হরিয়ানার এবং একজন বিহারের বাসিন্দা। এই ৩ জনের মধ্যে কারও বয়সই ১৮ বছরের কম নয়। তবে তাঁরা কীভাবে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দেখা হচ্ছে, এই ঘটনার আগে টাইগার শ্রফের কাছে আদৌ কি কোনও হুমকি ফোন এসেছিল? এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও খবর নেই পুলিশের কাছে। তবে যেহেতু গতকাল যে ভয়েজ নোট প্রকাশ্যে এসেছে, সেখানে বলা হয়েছে যে, টাইগার শ্রফকে এর আগেও সতর্ক করা হয়েছিল, সেই কারণে এই বিষয়টির দিকেও নজর দিচ্ছে পুলিশ। মুম্বই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থানের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (এজিটিএফ) এবং কোটা সিটি পুলিশের যৌথ উদ্যোগে অভিযুক্তদের আটক করে। পুনে-জয়পুর এক্সপ্রেসে যাত্রা করার সময়ই পাকড়াও করে পুলিশ। অভিযুক্তদের প্রথম ছবি প্রকাশ্যে আসতেই মুম্বই পুলিশের তরফ থেকে আরও জোরদার তল্লাশি শুরু হয়েছে।
নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আততায়ীদের
পুলিশ সূত্রে আরও খবর, টাইগার শ্রফের গাড়ির ওপর গুলি চালিয়ে, নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এই ৩ ব্যক্তির। যে অস্ত্র দিয়ে টাইগার শ্রফের গাড়ির ওপর গুলি চালানো হয়েছিল, সেটি এখনও উদ্ধার করা যায়নি। এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত ছিল, সেটা এই ৩ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই কোটা পৌঁছেছে মুম্বই পুলিশের একটি দল। ওই ৩ ব্যক্তিকে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হবে। সেই কাজও চলছে। রবিবার মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ির ওপর গুলি চলে।
(Feed Source: abplive.com)
