
কলকাতা: ‘সর্দারি অত সিধা বাত লয়, যে একা সব সয়, ওই সর্দার হয়…’, খনির শহরে পরতে পরতে অপরাধের ঝলক, দেবের মুখে স্থানীয় ভাষা। জমজমাট টিজার প্রকাশ্যে। ‘খাদান’ (‘Khadaan’ Teaser Out) ছবির হাত ধরে ফের মূলধারার (Main Stream) অ্যাকশন অবতারে (Action Avatar) ফিরলেন দেব (Dev)। এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকাতেও (Creative Director) তিনিই।
প্রকাশ্যে ‘খাদান’ ছবির টিজার
যেমন কথা তেমন কাজ। বৃহস্পতিবার সকাল ১১টায় মুক্তি পেল ‘খাদান’ ছবির টিজার। কারখানার চিমনির ধোঁয়া, কয়লা খাদানে বিস্ফোরণ… তারই মধ্যে দেবের কণ্ঠে দমদার সংলাপ। ‘ফ্যামিলি লিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি?’ কুড়ুল টেনে প্রতিপক্ষের বুক চেরা, রক্তক্ষরণ, হাতুড়ি মেরে মালগাড়ি থেকে কয়লা চুরি। সবই রয়েছে টিজারে। আর সেই সঙ্গে নজর কাড়লেন যীশু সেনগুপ্তও। ‘জয় গুরু’ টানের পিছনে লুকিয়ে কোন ষড়যন্ত্র, দেখা যাবে সিনেমায়।
এদিন সিনেমার টিজার পোস্ট করে ক্যাপশনে দেব লেখেন, ‘বাংলার সবচেয়ে বড় ছবি, আসছে এই বড়দিনে… বন্ধুত্বের এক মহাকাব্যিক যাত্রা শুরু।’ ক্ষমতা, লোভ এবং প্রতিহিংসার সংঘর্ষের ফলে এবার জমি খাদান হবে না শ্মশান তা জানা যাবে প্রেক্ষাগৃহে আগামী ২০ ডিসেম্বর।
প্রত্যেক বছরই বড়দিনের আবহে একটি করে ছবি দর্শকদের উপহার দেন দেব। এবারের তাঁর পরিবেশন ‘খাদান’। ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘সুরিন্দর ফিল্মস’-এর প্রযোজনায় এই ছবির পরিচালক সুজিত দত্ত ওরফে রিনো। দেব ও যীশু ছাড়াও ছবিতে রয়েছেন বরখা, ইধিকা, অনির্বাণ ও অন্যান্যরা। উল্লেখ্য এই প্রথম কোনও ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বও সামলালেন দেব নিজেই।
তবে আজ টিজার মুক্তির আগেই গতকালই দরাজ সার্টিফিকেট পেয়েছিলেন দেব। বর্তমানে কলকাতার পরিস্থিতিকে মাথায় রেখে ছবির টিজার মুক্তি পিছিয়ে দিয়েছিলেন অভিনেতা। গতকালই টিজার দেখে দেবের ছবিকে দরাজ সার্টিফিকেট দেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)।
(Feed Source: abplive.com)
