Prime Time Show For Bengali Film: সুদিন এল, বলছেন পরিচালক-প্রযোজকরা! রাজ্যের বড় পদক্ষেপে প্রাইমটাইমেই বাধ্যতামূলক বাংলা সিনেমা…

Prime Time Show For Bengali Film: সুদিন এল, বলছেন পরিচালক-প্রযোজকরা! রাজ্যের বড় পদক্ষেপে প্রাইমটাইমেই বাধ্যতামূলক বাংলা সিনেমা…

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাংলা ইন্ডাস্ট্রির জন্য সুখবর। প্রতিটি সিনেমা হলে বাংলা সিনেমা‌ প্রদর্শনীর সংখ্যা বাড়াল সরকার। প্রাইম টাইমে  বাংলা সিনেমার প্রদর্শনী বাধ্যতামূলকও করা হল। ‌বর্তমান সময়ে বাংলা বাঙালি অস্মিতা যে আঘাত আসছে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

আগে প্রাইমটাইম ছিল বেলা ১২টা থেকে রাত ৯ টা পর্যন্ত। এই সময় কমিয়ে দুপুর ৩টে থেকে রাত ৯ টা পর্যন্ত করা হল। আগে নিয়ম ছিল ১২০ স্ক্রিন পাবে প্রতি সিনেমা হলে বাংলা সিনেমা। এই সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬৫ টি।‌ দুটি স্ক্রিন আছে এমন সিনেমা হলের ক্ষেত্রে সংখ্যাটি বের হবে ৭৩০ টি। স্ক্রিন আছে এমন মাল্টিপ্লেক্স এর ক্ষেত্রে ১০৯৫ টি। চারটি স্ক্রিন আছে এমন মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে সংখ্যাটি বেড়ে দাঁড়াল ১৪৬০।

বছরের প্রতিটি দিনই এই নিয়ম মেনে চলতে হবে। গত বৃহস্পতিবার নন্দনের বৈঠকের পর এমন ইঙ্গিত মিলেছিল। এবার সেখানেই সরকারিভাবে শিলমোহর দেওয়া হল। আগে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রাইম টাইম ধরা হতো। সেক্ষেত্রে অনেকেই অসুবিধার মুখে পড়তেন। সন্ধ্যায় বাংলা ছবি চলছে না বলে অভিযোগ উঠত। সেই সমস্যারও সমাধান হয়েছে। এবার থেকে দুপুর ৩টে থেকে রাত ৯টা প্রাইম টাইম হিসেবে গণ্য হবে।

দর্শক আরও বেশি বাংলা ছবি দেখতে পাবেন ও আরও বেশি বাংলা ছবি তৈরি হবে বলে আশাবাদী সকলেই। বুধবার নন্দনেই সাংবাদিক বৈঠকে এই ঘোষণা হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনগুপ্ত, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক অরিন্দম শীল, প্রযোজক নিসপাল সিং রানে, রানা সরকার সহ আরও অনেকে। তাঁরা জানিয়েছেন, সকল পক্ষ মিলে বৈঠকের পর সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সার্বিকভাবে উন্নত হবে বাংলা ইন্ডাস্ট্রি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন সকলে।

(Feed Source: zeenews.com)