Nusrat Jahan in Ration Scam: তৃণমূলের তারকা প্রচারক নুসরতকে এবার ইডির তলব, নজরে রেশন দুর্নীতি

Nusrat Jahan in Ration Scam: তৃণমূলের তারকা প্রচারক নুসরতকে এবার ইডির তলব, নজরে রেশন দুর্নীতি

বিক্রম দাস: রেশন দুর্নীতির তদন্তে এবার বড়সড় মোড়। গত কয়েক মাস ধরে চলা এই দুর্নীতির তদন্তে এবার নাম জড়াল বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহানের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আগামী ২২ এপ্রিল তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রেশন দুর্নীতির একটি বিশেষ সূত্র ধরে নুসরত জাহানের নাম উঠে এসেছে। যখন বাংলাদেশ সীমান্ত দিয়ে দুর্নীতির গম পাচারের অভিযোগ উঠেছিল, সেই সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত। অভিযোগ, এই পাচারচক্রের কিছু আর্থিক লেনদেনের সঙ্গে অভিনেত্রীর যোগসূত্র থাকতে পারে। যদিও এই বিষয়ে এখনও নুসরতের তরফ থেকে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্রের খবর, ২২ এপ্রিল কলকাতায় ইডি-র দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও, নুসরত জাহান তদন্তকারীদের কাছে একটি বিশেষ আবেদন জানিয়েছেন। তিনি কলকাতায় নয়, বরং দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে হাজিরা দিতে চান। এখন দেখার, ইডি তাঁর এই আবেদন গ্রহণ করে কি না, নাকি ২২ তারিখেই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হয়।

এর আগেও নুসরত জাহানকে একটি সংস্থায় ফ্ল্যাট কেনা-বেচার দুর্নীতির অভিযোগে ইডি তলব করেছিল। তবে রেশন দুর্নীতির মতো এত বড় মাপের মামলায় তাঁর নাম জড়ানোয় রাজনৈতিক ও বিনোদন মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

(Feed Source: zeenews.com)