)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বজুড়ে এখন তাঁর জয়জয়কার। কিন্তু সাফল্যের মধ্যগগনে দাঁড়িয়েই কি তবে কোনও গভীর সংকটে ভুগছেন দিলজিৎ দোসাঞ্জ? সম্প্রতি কানাডার ক্যালগারিতে নিজের ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’-এর (Aura World Tour) মঞ্চে দাঁড়িয়ে জীবনের নশ্বরতা ও মৃত্যু নিয়ে দিলজিতের করা কিছু মন্তব্য নেটদুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর এই কথাগুলো শুনে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন অনুরাগীরা।
৩০ এপ্রিল ক্যালগারির স্কটিয়াব্যাঙ্ক স্যাডলডোম-এ পারফর্ম করার মাঝেই হঠাৎ গান থামিয়ে দর্শকদের উদ্দেশ্যে পাঞ্জাবিতে কিছু কথা বলেন দিলজিৎ। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমি ইতিমধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছি। আমার মনে এখন আর মৃত্যুর কোনও ভয় নেই।”
এখানেই শেষ নয়, দিলজিৎ আরও যোগ করেন, “গত ডিসেম্বরে আমি নিজের শরীর থেকে বেরিয়ে যাওয়ার (মুক্তি পাওয়ার) চেষ্টা করছিলাম। কিন্তু চলে যাওয়ার আগে আমাকে এখনও কিছু কাজ করতে হবে। আমি এখন এই মঞ্চে দাঁড়িয়ে আছি, এটাই আমার ঈশ্বর।” তিনি আরও জানান, মনে কারোর প্রতি কোনও ঘৃণা বা বিদ্বেষ নেই, তিনি কেবল ভালোবাসা এবং ক্ষমা নিয়ে বাঁচতে চান।
Diljit says he tried to leave this world last December. Says he’s not afraid of death
by u/PositiveFree in bollynewsandgossips
দিলজিতের এই দার্শনিক ও আবেগপ্রবণ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেরই প্রশ্ন, এই জনপ্রিয়তার আড়ালে গায়ক কি চরম মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন? রেড্ডিটের মতো প্ল্যাটফর্মে অনুরাগীরা সুশান্ত সিং রাজপুত বা অ্যাভিচির মতো তারকাদের উদাহরণ টেনে বলেছেন, সাফল্যের শিখরে থেকেও অনেকে ভেতর থেকে ভেঙে পড়েন। ক্রমাগত ট্রোলিং এবং ব্যক্তিগত জীবনের চাপ এর কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
এত জল্পনার মধ্যেও দিলজিৎ কিন্তু পেশাদার জীবনে যথেষ্ট সক্রিয়। ২০২৫-এ ‘সরদার জি ৩’ এবং এ বছর ‘বর্ডার ২’-এ তাঁকে দেখা গিয়েছে। আগামী ১২ জুন মুক্তি পেতে চলেছে ইমতিয়াজ আলি পরিচালিত তাঁর নতুন ছবি ‘ম্যায় বাপাস আউঙ্গা’ (Main Vaapas Aaunga), যেখানে তাঁর সঙ্গে রয়েছেন নাসিরুদ্দিন শাহ এবং শর্বরী ওয়াঘের মতো তারকারা।
(Feed Source: zeenews.com)
