রঞ্জি ট্রফিতে বদলে যাচ্ছে বাংলার অধিনায়ক? অভিমন্যুর পরিবর্তে দায়িত্ব পেতে পারেন সুদীপ

রঞ্জি ট্রফিতে বদলে যাচ্ছে বাংলার অধিনায়ক? অভিমন্যুর পরিবর্তে দায়িত্ব পেতে পারেন সুদীপ

 

সন্দীপ সরকার, কলকাতা: দুই-এক নয়, মাঝে দীর্ঘ ৩৬ বছর পেরিয়ে গিয়েছে। ১৯৮৯-৯০ মরশুমে শেষবার রঞ্জি ট্রফি (Ranji Trophy) জিতেছিল বাংলা। তারপর থেকে শুধুই হতাশা। ফাইনালে উঠেও ট্রফি অধরা থেকেছে। গত মরশুমে শেষ চারেই থেমে গিয়েছিল বাংলার দৌড়। ঘরের মাঠে সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের কাছে হেরে সফর শেষ হয়েছিল বাংলার।

ফের এক রঞ্জি মরশুম দরজায় কড়া নাড়ছে। তার আগে জোর চর্চা বাংলা দলের নেতৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে। রঞ্জি ট্রফিতে কি এবার বাংলার অধিনায়ক বদলে যেতে চলেছে? গত মরশুমে নেতৃত্ব দেওয়া অভিমন্যু ঈশ্বরণ কি দায়িত্ব হারাবেন?

ঠিক এক সপ্তাহ পরে, আগামী রবিবার, ১১ অক্টোবর শুরু হচ্ছে বাংলার রঞ্জি অভিযান। প্রথম ম্যাচ ঘরের মাঠে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে বাংলার প্রতিপক্ষ দিল্লি। সেই ম্যাচে কি টস করতে মাঠে নামবেন নতুন কেউ?

দিল্লি ম্যাচের জন্য মঙ্গল কিংবা বুধবার বাংলা দল বেছে নেওয়া হবে। সিএবি সূত্রে খবর, অভিমন্যু ঈশ্বরণ নয়, সেদিন বাংলার অধিনায়ক করা হতে পারে সুদীপ কুমার ঘরামিকে।

বাংলা দল আপাতত অসমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে রয়েছে। এর আগে হায়দরাবাদের বিরুদ্ধে জোড়া প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। রঞ্জি অভিযান শুরু করার আগে অসমের বিরুদ্ধে চারদিনের দ্বৈরথই বাংলার শেষ প্রস্তুতি ম্যাচ। তারপরই কল্যাণীতে একত্রিত হবে বাংলা দল।

ঘটনা হচ্ছে, অসমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দলে অভিমন্যু থাকলেও, নেতৃত্ব দিয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়। সুদীপ ঘরামি ইরানি কাপে অবশিষ্ট ভারত দলে ছিলেন। তাই তিনি অসমের বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচে খেলেননি।

কেন অভিমন্যুকে অসমের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে দেখা গেল না? সিএবি থেকে ইঙ্গিত পাওয়া গেল, প্রস্তুতি ম্যাচে সুদীপ চট্টোপাধ্যায়কে অধিনায়ক করা হয়েছে যাতে রঞ্জি ট্রফিতে নেতৃত্ব না পেলে অভিমন্যুর মধ্যে কোনও খারাপ লাগা তৈরি না হয়। বলা হল, প্রস্তুতি ম্যাচে অভিমন্যুকে নেতৃত্ব দিয়ে রঞ্জিতে সেই দায়িত্ব থেকে সরানো হলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারত। সেটা এড়িয়ে যেতেই এমন একজনকে অধিনায়ক করা হয়েছিল, যাঁকে রঞ্জি ট্রফির দলে রাখা হবে। কিন্তু নেতৃত্বের দায়িত্বে থাকবেন না।

শোনা গেল, ৩১ বছরের অভিমন্যুর ভারতীয় দলে খেলার সম্ভাবনা নিয়ে খুব একটা আশাবাদী নন অনেকেই। যদি না আগামী মরশুমে ব্যাট হাতে অসাধারণ কিছু করেন তিনি। বরং ২৭ বছরের সুদীপ ভাল কিছু করলে জাতীয় নির্বাচকদের নজরে থাকলেও থাকতে পারেন। তাই সামনের দিকে তাকানোর পক্ষেই মত প্রায় সকলের।

সব কিছু ঠিকঠাক চললে, দিনকয়েকের মধ্যেই অধিনায়ক হিসাবে সুদীপ ঘরামির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যেতে পারে।

(Feed Source: abplive.com)